সিলেটসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
Led Bottom Ad

সিলেটসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

প্রথম সিলেট প্রতিবেদন

৩০/১২/২০২৫ ১৩:৪৫:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী ২৪ ঘণ্টায় সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময়ের মধ্যে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

তাপমাত্রা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড টানা তিন দিন ধরে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হচ্ছে। মঙ্গলবার হাওর অধ্যুষিত এই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, সোমবার (২৯ ডিসেম্বর) সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। একই দিন রাত ৯টার দিকে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়তে দেখা গেছে, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দেয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন কুয়াশা ও শীতের এই ধারা অব্যাহত থাকতে পারে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad