সিলেটের তিন আসনে খালেদা জিয়ার উপদেষ্টাদের লড়াই, প্রধান প্রতিপক্ষ জামায়াত
Led Bottom Ad

আসন সমঝোতার হিসাব মিলবে প্রতীক বরাদ্দের পর

সিলেটের তিন আসনে খালেদা জিয়ার উপদেষ্টাদের লড়াই, প্রধান প্রতিপক্ষ জামায়াত

প্রথম সিলেট প্রতিবেদন

২৯/১২/২০২৫ ১৬:২৬:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগের ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে বিএনপির চেয়ারপারসনের তিন উপদেষ্টা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এসব আসনে তাঁদের প্রধান প্রতিপক্ষ হিসেবে মাঠে রয়েছেন জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের নেতারা। ফলে এবারের নির্বাচনে সিলেটের রাজনীতিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ও জামায়াতের স্থানীয় নেতৃত্বের মধ্যে মূল লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।

এই তিন আসনের মধ্যে সিলেট-১ আসনে বিএনপির উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের বিপরীতে রয়েছেন জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। সিলেট-২ আসনে ইলিয়াস আলীর সহধর্মিণী ও বিএনপির উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার সঙ্গে লড়ছেন জেলা জামায়াতের শূরা সদস্য অধ্যক্ষ আবদুল হান্নান। আর সীমান্তবর্তী সিলেট-৪ আসনে সাবেক সিটি মেয়র ও বিএনপির উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিন।

ছয়টি আসনের মধ্যে একটি আসন শরিক দলকে ছেড়ে দিয়ে বাকি পাঁচটিতে দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। সব প্রার্থীই ইতোমধ্যে মনোনয়ন সংগ্রহ করে প্রচারণায় নেমেছেন। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর প্রার্থীরাও মাঠে সক্রিয় রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, সিলেট-২ ও সিলেট-৫ আসনে জামায়াত শরিক দলকে ছাড় দিতে পারে। আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ-কালের মধ্যেই আসতে পারে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সিলেট জেলার ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ৭০ হাজার। ভোটারদের ধারণা, বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জামায়াতের স্থানীয় নেতাদের লড়াইয়ের প্রকৃত চিত্র প্রতীক বরাদ্দের পর আরও স্পষ্ট হবে।

মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে মুক্তাদির–হাবিবুর দ্বন্দ্ব

বিএনপির উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির লড়ছেন ঐতিহ্যবাহী সিলেট-১ আসনে। তাঁর পিতা খন্দকার আবদুল মালিক ১৯৯১ ও ১৯৯৬ সালে এ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে মুক্তাদির এক লাখ ২৩ হাজার ৮৫১ ভোট পেলেও জয় পান আওয়ামী লীগের ড. এ কে আব্দুল মোমেন। এবারের নির্বাচনে তরুণ ও নারী ভোটারদের নিয়ে ব্যতিক্রমধর্মী সংলাপ করে আলোচনায় এসেছেন মুক্তাদির।

জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেন, মাঠে ব্যাপক পরিবর্তনের আকাঙ্ক্ষা লক্ষ্য করছেন তিনি। অতীতে এই আসনে জামায়াতের ভোটের হার উল্লেখযোগ্য ছিল বলেও জানান দলীয় নেতারা।

সিলেট-২ আসনে লুনার প্রথম পরীক্ষা

সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছেন তাহসিনা রুশদীর লুনা। তাঁর প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের শূরা সদস্য অধ্যক্ষ আবদুল হান্নান। নির্বাচিত হলে এ অঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন লুনা। তবে আসনটিতে জামায়াত শরিক দলকে ছাড় দিতে পারে—এমন গুঞ্জনও রয়েছে।

সীমান্তবর্তী সিলেট-৪ এ আরিফুল–জয়নাল লড়াই

সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট-৪ আসনে। দলের ভেতরের বিরোধ মেটাতে তিনি ইতোমধ্যে একাধিক বৈঠক করেছেন। তাঁর বিপরীতে জামায়াতের প্রার্থী জেলা সেক্রেটারি জয়নাল আবেদিন, যিনি ‘ভূমিপুত্রের জয়’ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

অন্য তিন আসনের চিত্র

সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এমএ মালিকের সঙ্গে লড়ছেন দক্ষিণ সুরমা জামায়াতের আমির লোকমান আহমদ।

সিলেট-৫ আসন শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছাড় দিয়েছে বিএনপি। সেখানে উবায়দুল্লাহ ফারুক প্রার্থী হলেও জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন।

সিলেট-৬ আসনে বিএনপির জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর প্রতিদ্বন্দ্বী জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

সব মিলিয়ে সিলেটের ছয়টি আসনে এবারের নির্বাচন রাজনৈতিকভাবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad