সিলেটে ছয় ক্যাটাগরিতে ১০৩ প্রবাসীকে জেলা প্রশাসনের সম্মাননা
Led Bottom Ad

সিলেটে ছয় ক্যাটাগরিতে ১০৩ প্রবাসীকে জেলা প্রশাসনের সম্মাননা

প্রথম সিলেট প্রতিবেদন

২৭/১২/২০২৫ ১৯:১৭:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সিলেটে ছয়টি ক্যাটাগরিতে ১০৩ জন প্রবাসীকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নগরের রিকাবীবাজারে কবি নজরুল অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান বলেন, প্রবাসীদের কারণেই বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী। দেশের প্রতিটি খাতে প্রবাসীদের অবদান রয়েছে। সরকার প্রবাসীদের জন্য করমুক্ত বিনিয়োগসহ নানা সুযোগ–সুবিধা দেওয়ার উদ্যোগ নিচ্ছে।


তিনি আরও বলেন, নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে একটি এনআরবি (নন–রেসিডেন্ট বাংলাদেশি) বিনিয়োগ অঞ্চল গড়ে তোলা যেতে পারে। পাশাপাশি সিলেটে একটি এনআরবি স্মার্ট সিটি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে জমি, কাগজপত্র, নিরাপত্তাসহ বিভিন্ন ভোগান্তি দূর করার ওপর গুরুত্বারোপ করেন।


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর প্রবাসীদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ছয়টি ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়। ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বের ১১টি দেশে অবস্থানরত সিলেটের ছয় শতাধিক প্রবাসী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন দিক বিবেচনা করে ১০৩ জনকে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।


সম্মাননার ক্যাটাগরিগুলো হলো—সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের কমিশনার খান মো. রেজা উন নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার কাজী আখতারুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এর আগে প্রবাসী সম্মাননা প্রদান উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে ক্বিন ব্রিজ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে কবি নজরুল অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad