সিলেটে প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা
উদ্যোক্তা তৈরিতে মাশরুম চাষ হতে পারে সম্ভাবনাময় পথ
অল্প পুঁজি ও স্বল্প জায়গায় আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে মাশরুম চাষ—এমন প্রত্যয় নিয়ে সিলেটে উদ্যোক্তাদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরের চৌকিদেখিস্থ আনোয়ারা–মতিন একাডেমীতে ২৬ ও ২৭ ডিসেম্বর (শুক্র ও শনিবার) এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এন্ট্রাপ্রেনার্স ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে এবং এডুকেশন ফর চেঞ্জ অর্গানাইজেশন (ইসিও) ও উইমেন ফর উইমেন রাইটসের অংশীদারত্বে আয়োজিত এ কর্মশালায় তরুণ ও নারী উদ্যোক্তারা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিসিকের মহাপরিচালক (ডিজি) সোহেল হাওলাদার। তিনি বলেন, “মাশরুম চাষ এমন একটি উদ্যোগ, যা অল্প বিনিয়োগে দ্রুত আয় নিশ্চিত করতে পারে। এই খাতে দক্ষ উদ্যোক্তা তৈরি হলে কর্মসংস্থানের পাশাপাশি পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এডুকেশন ফর চেঞ্জ অর্গানাইজেশনের ভাইস চেয়ারম্যান ডা. মোশারফ হোসেন, আকবেটের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম এবং উইমেন ফর উইমেন রাইটসের সভাপতি সামিয়া বেগম চৌধুরী। তাঁরা বলেন, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস ও সঠিক প্রশিক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাশরুম চাষ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নেও বড় ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্পাস্ট্রির পরিচালক গাজী জিনাত আফজা, উদ্যোক্তা ও ব্যবসায়ী আমাতা মাসুমা ও সৈয়দা নাঈমা খানম।
প্রশিক্ষক রাজু আহমেদ ও মোমিনুল ইসলাম অংশগ্রহণকারীদের মাশরুম চাষের আধুনিক পদ্ধতি, উৎপাদন কৌশল, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। তাঁরা বাস্তব অভিজ্ঞতার আলোকে মাশরুম চাষের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং প্রশিক্ষণার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া উদ্যোক্তারা জানান, এই কর্মশালার মাধ্যমে তাঁরা বাস্তবভিত্তিক জ্ঞান ও আত্মবিশ্বাস পেয়েছেন, যা ভবিষ্যতে নিজেদের উদ্যোগ গড়ে তুলতে সহায়ক হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক ও অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে।
তাহির আহমদ
মন্তব্য করুন: