বিয়ানীবাজারে ৯৮ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ যুবক গ্রেপ্তার
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯৮ হাজার পিস ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের বিড়ি ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম আবিদ আহমদ (২২)। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলীর সহযোগিতায় এসআই (নিরস্ত্র) হোসাইন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সাচান এলাকায় জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়। পরে ওই সিএনজি চালক আবিদ আহমদকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত মালামাল আদালতের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে।’
তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: