প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ।বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থায়ীয় সময় দুপুরে জাতিসংঘ সদরদপ্তরের ইউএন বাইল্যাটেরাল বুথে (গ্যাল-৭) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে মতবিনিময় করা হয়।
প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
অন্যদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা-রিয়াদ সম্পর্ক আরও এগিয়ে নিতে সৌদি আরবের আগ্রহের কথা তুলে ধরেন।এছাড়াও বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও মতবিনিময় হয়।এর আগে কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সবাহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।
নিউইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও কুয়েতের সুদীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের মাধ্যমে দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার যে মজবুত ভিত্তি তৈরি হয়েছিল, তা সময়ের সঙ্গে আরও সুদৃঢ় হয়েছে।
বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের জনগণের কল্যাণে এই সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার আহ্বান জানান তিনি।
একই দিনে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের (আইপিআই) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জায়েদ রা’য়াদ আল হুসেইন এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: