নির্বাচন ৬ সেপ্টেম্বর
সিলেট উইমেন চেম্বারের নির্বাচনে লড়ছেন যারা
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র নির্বাচনকে সামনে রেখে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা বোর্ড। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট ফারজানা আক্তার মিতা ও বোর্ডের অপর দুই সদস্য স্বাক্ষরিত এক তালিকায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গেল ৭ আগষ্ট প্রার্থীদের প্রাথমিক একটি তালিকা প্রকাশ করা হয়। প্রাথমিক তালিকায় বাণিজ্য সংগঠন বিধিমালা ও নির্বাচনী বিধিমালা অনুযায়ী ১৫ জনের নামের আগে ক্রস চিহ্ন এঁকে দেওয়া হয়। এর মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স না থাকা, ঋণ খেলাপি এবং বাণিজ্য সংগঠন বিধিমালা ১৮ (৪) এর ধারা উল্লেখ করা হয়। তবে তফসিল অনুযায়ী ১১ আগষ্ট আপিল শুনানী শেষে ২ জন চূড়ান্ত প্রার্থী তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পান। বাদ পড়া বাকী ১৩ জনের মধ্যে রয়েছেন,তানজিনা মোমিন আহমদ, সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, কুমকুমের ছোট বোন ও জেলা মহিলা দলের সহ দপ্তর সম্পাদক তাহমিনা আহাদ রোজী,ওয়াহিদা আখলাক, আম্বিয়া বেগম, তাবিন্দা সাব্বির চৌধুরী, তপতী রানী দাস, রাহনামা সাব্বির চৌধুরী, ইফমা আক্তার ছামা,সাল সাবিলা মাহবুব কান্তা,শেখ আমিনা রহমান পিউলী,ও রাহিলা জেরিন কানন।
এদিকে আপিল শুনানী শেষে চূড়ান্ত ভোটার তালিকায় যাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন, সভাপতি পদে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেতা অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, তাহিয়া সিদ্দিকা ও উইমেন চেম্বারের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা। সহ সভাপতি পদে প্রার্থীরা হলেন,আলেয়া ফেরদৌস তুলি, রোজী বেগম ও লুবানা ইয়াসমিন শম্পা। তবে লুবানা ইয়াসমীন শম্পা সভাপতি ও সহ সভাপদি দুটি পদে থাকায় একটি পদে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিবেন। পরিচালক পদে নির্বাচনের জন্য বৈধ প্রার্থীরা হলেন, তাহমিনা হাসান চৌধুরী,জাকিরা ফাতেমা লিমি চৌধুরী,সৈয়দা নাইমা খানম,আসমা উল হাসনা খান,সাবরিনা খান,রেহানা আফরোজ খান, রোজী বেগম,রেহানা ফারুক শিরিন,গাজী জিনাত আফজা,আমাতা মাসুমা,সৈয়দা শারমীন ফাতেমা,সাইমা সুলতানা চৌধুরী,ইফফাত আরা খান,শাহানা আক্তার, তাহিয়া সিদ্দিকা ও মিসেস সামা হক চৌধুরী। এর মধ্যে তাহিয়া সিদ্দীকা সভাপতি ও পরিচালকের দুটি পদে মনোনীত হওয়ায় একটি পদ থেকে তিনি প্রার্থীতা প্রত্যাহার করতে পারেন।
এর আগে ৭ আগষ্ট বাণিজ্য সংগঠন বিধিমালা ১৮ (৪) এর ধারায় প্রাথমিক তালিকায় বাদ পড়েন সভাপতি ও সহ সভাপতি পদের প্রার্থী লুবানা ইয়াসমীন শম্পা এবং পুলিশ ক্লিয়ারেন্স না থাকায় সাবেক ফাস্ট লেডি ও সিলেট সিটি করপোরেশেনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী স্ত্রী সামা হক চৌধুরী। ১১ আগষ্ট সামা হক চৌধুরী স্বশরীরে উপস্থিত হয়ে নির্বাচনী আপিল বোর্ডে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিয়ে নিজের প্রার্থীতা বৈধ করে নেন। একইভাবে লুবানা ইয়াসমীন নিজের আইনজীবীর মাধ্যমে আপিল বোর্ড চেয়ারম্যান স্থানীয় সরকারের উপ-পরিচালক সুবর্ণা সরকারের কাছে শুনানী শেষে প্রর্থীতা বৈধ করার সুযোগ লাভ করেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের পর বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা রবিবার ১৭ আগষ্ট প্রকাশ করা হবে। পরিচালনা পর্ষদ নির্বাচনের ফলাফলের বিষয়ে নির্বাচন আপীল বোর্ডের কাছে আপত্তি দাখিল ০৭-০৯ সেপ্টেম্বর ২০২৫ (রবি-মঙ্গলবার) বিকাল ০৫.০০ টা পর্যন্ত, নির্বাচনী আপীল বোর্ড কর্তৃক নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে দাখিলকৃত আপত্তির শুনানী গ্রহণ ও নিষ্পত্তি (আপীল বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ে) ১০-১২ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার-শুক্রবার) ও নির্বাচন বোর্ড কর্তৃক চূড়ান্ত ফলাফল ঘোষণা ১৩ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার)। (যদি ০৭-০৯ সেপ্টেম্বর ২০২৫ সময়ে কোন আপীল দাখিল না হয় তাহলে ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে (বৃহস্পতিবার) চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।)
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী ২০২৫-২০২৭ পরিচালনা পর্ষদ হবে ১১ জনের। এর মধ্যে সভাপতি ও সহ সভাপতি পদে ২ জন এবং পরিচালক পদ থেকে ৯ জন সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা যাচাইক্রমে রাজনীতির বেশ আধিক্য দেখা গেছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দলের সাথে সরাসরি এবং পরোক্ষভাবে জড়িত অন্তত ৭ জনের নাম পাওয়া গেছে। একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, নির্বাচনের আগেই অর্থ্যাৎ আগষ্টের শেষ দিকে একটি গোপন সমঝোতার মাধ্যমে সিলেকশনের মধ্য দিয়ে পুরো একটি প্যানেলকে নির্বাচিত করার সম্ভাবনা রয়েছে।
প্রথমবারের মতো সরাসরি একটি নির্বাচনকে সামনে রেখে সিলেট উইমেন চেম্বারের সাধারণ ভোটারদের মধ্যে প্রবল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাদের দাবি- উইমেন চেম্বার স্বৈরাচারের কবল থেকে মুক্ত হলেও এখনও একটি চক্র সেই প্রচেষ্টা চালাচ্ছে। তারা বলছেন, একটি সুস্টু ও নিরপেক্ষ নির্বাচন হলে ভোটাররা রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে সত্যিকারের উদ্যোক্তা ও ব্যবসায়ী নির্ভর একটি প্রতিষ্ঠান গড়ে তোলতে পারবে। একই সাথে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার সুযোগ লাভ করতে সক্ষম হবে।
এর আগে সিলেট উইমেন চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালনা পর্ষদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ১৪ মে ২০২৫ তারিখের সিউচেকইন্ডা-২০২৫.৯০(১০) স্মারকমূলে নির্বাচন বোর্ড পুনর্গঠন করা হয়।
ডি আর ডি
মন্তব্য করুন: