যুক্তরাজ্যে শিশুকে বাঁচাতে গিয়ে সাগরে ডুবে সুনামগঞ্জের মা-মেয়ের মৃত্যু
শিশুকে বাঁচাতে গিয়ে যুক্তরাজ্যে সাগরে ডুবে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নারী ও তার ১৫ বছর বয়সী কিশোরী মেয়ে ডুবে মারা গেছেন। যুক্তরাজ্যের কলচেস্টারে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে গিয়ে পরিবারটি এই দুর্ঘটনার শিকার হয়।
নিহতরা হলেন যুক্তরাজ্য যুবদল নেতা ডা. মনসুর রহমানের স্ত্রী এবং তাদের ১৫ বছর বয়সী মেয়ে। নিহত নারী সিলেটের ছাতক উপজেলার অধিবাসী ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমানের মেয়ে। তার স্বামী ডা. মনসুর রহমান সিলেটের বিএনপি নেতা শেখ মখন মিয়ার সন্তান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব খসরুজ্জামান খসরু গণমাধ্যম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, লন্ডনের ওয়েস্ট মার্সি সমুদ্র সৈকতে পরিবারের সদস্যরা অবকাশযাপন করছিলেন। এ সময় প্রবল সমুদ্র স্রোতের টানে পরিবারের একটি শিশু ভেসে যেতে শুরু করে। শিশুটিকে উদ্ধারের চেষ্টায় সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপিয়ে পড়েন মা ও তার কিশোরী মেয়ে। শিশুটিকে রক্ষা করতে সক্ষম হলেও উত্তাল জোয়ারের স্রোতে তলিয়ে গিয়ে দুজনে প্রাণ হারান।
দুর্ঘটনার সময় সৈকতে উপস্থিত ছিলেন নিহত নারীর বাবা মুজিবুর রহমান। শোকাবিভূত অবস্থায় তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাতে পারেননি। এই দুর্ঘটনায় গুরুতর আহত পরিবারের অন্য সদস্যদের গুরুতর অবস্থায় হেলিকপ্টারযোগে লন্ডনের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর পাওয়ামাত্র উদ্ধার তৎপরতায় নামে যুক্তরাজ্যের জরুরি সেবা সংস্থাগুলো। এসেক্স পুলিশের একজন মুখপাত্র জানান, কলচেস্টারের ওয়েস্ট মার্সি এলাকায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাদের কর্মীরা কাজ করছেন। এ অবস্থায় সাধারণ মানুষকে সিভিউ অ্যাভিনিউ ও সংলগ্ন সৈকত এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়।
রত্না বাউরী
মন্তব্য করুন: