চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার এক দিনের সফরে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তাঁর গাড়িবহর যাত্রা শুরু করে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম চাঁদপুর সফর। এর আগে সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি জেলাটিতে সফর করেছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, চাঁদপুর পৌঁছানোর পূর্বে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধনের পর প্রধানমন্ত্রী চাঁদপুর সার্কিট হাউজে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন। পরবর্তীতে বিকেল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। জনসভা শেষে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। কর্মসূচি সমাপ্ত করে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।
এ রহমান
মন্তব্য করুন: