রাশিয়ায় ইয়ুথ ফেস্টিভ্যাল : গণমাধ্যমকর্মীদের নিবন্ধনের আহবান
আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ (আইএফওয়াই)-২০২৬’ কাভার করতে আগ্রহী সাংবাদিকদের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির ইয়েকাতেরিনবার্গে আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৫ মে) রাতে আয়োজক প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তর’ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ার স্থানীয় সাংবাদিক ছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত প্রতিনিধি এবং নিউ মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটররা এই আসর কাভার করার জন্য আবেদন করতে পারবেন। আগ্রহীদের ‘ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম অব অপরচুনিটিজ’-এর ওয়েবসাইটের মাধ্যমে দুই ধাপে নিবন্ধনের আবেদন জমা দিতে হবে। আয়োজক সূত্রে জানা গেছে, অনুমোদিত সাংবাদিকদের নিজ দেশ থেকে রাশিয়ায় যাতায়াতের যাবতীয় খরচ ও প্রয়োজনীয় ব্যবস্থা কর্তৃপক্ষই বহন করবে।
অধিদপ্তরের মহাপরিচালক দিমিত্রি ইভানভ জানান, ইভেন্ট চলাকালীন সাংবাদিকদের জন্য ভেন্যুতে একটি আন্তর্জাতিক মিডিয়া সেন্টার স্থাপন করা হবে। সেখানে ওয়ার্কস্টেশন, প্রেস ব্রিফিং ও কনফারেন্সের জায়গা এবং সাক্ষাৎকার গ্রহণের জন্য বিশেষ স্টুডিও থাকবে। এ ছাড়া যাতায়াতের জন্য ট্রান্সফার সার্ভিস এবং খাবারের সুবিধাও প্রদান করা হবে।
দিমিত্রি ইভানোভ আরও বলেন, “রাশিয়া ও আন্তর্জাতিক অঙ্গনের মিডিয়া প্রতিনিধিদের মধ্যে এই উৎসব নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আমরা সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাচ্ছন্দ্যপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উৎসবে বিশ্বজুড়ে অন্তত ৫০০ জন মিডিয়া প্রতিনিধি অংশ নেবেন বলে আমরা আশা করছি।”
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশনায় দেশটিতে প্রতিবছর এই আন্তর্জাতিক যুব ইভেন্ট আয়োজন করা হচ্ছে। ‘রাশিয়ার সঙ্গে, স্বপ্ন পূরণ করুন’—এই প্রতিপাদ্য নিয়ে এবারের আসরে বিশ্বের ১৯১টি দেশের প্রায় ১০ হাজার প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এর আগে ২০২৪ সালে রাশিয়ার সিরিয়াস রাজ্যে এবং ২০২৫ সালে নিজনি নভোগরদ শহরে এই উৎসবের পূর্ববর্তী সংস্করণগুলো সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল।
এ রহমান
মন্তব্য করুন: