নিরাপত্তাহীনতায় পরিবার
হবিগঞ্জে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি গ্রামে এক সংখ্যালঘু পরিবারের জমি দখলচেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারটি জানিয়েছে, স্থানীয় প্রভাবশালীদের চাপে তারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
অভিযোগকারী রবীন্দ্র সরকার বলেন, রূপনাথপুর মৌজায় তাঁদের পরিবারের প্রায় ২ একর ৫০ শতাংশ জমি রয়েছে, যা দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে। এর মধ্যে কিছু জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও অভিযুক্তরা অতিরিক্ত জমি দখলের চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা, গাছ কাটা, বেড়া দেওয়া এবং জমির মাটি কেটে নেওয়ার মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী পরিবারটি প্রশাসন, সরকার ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিজ (এইচআরসিবিএম)-এর সিলেট বিভাগীয় সমন্বয়ক রাকেশ রায় বলেন, সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, জমিজমা–সংক্রান্ত বিরোধের বিষয়টি শুনেছেন। যদি ফৌজদারি অপরাধের অভিযোগ থাকে, তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: