এমপি সৈয়দ ফয়সল
‘খাল খনন পরিবেশ সংরক্ষণ ও কৃষি পুনরুদ্ধারের বড় পদক্ষেপ’
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, খাল খনন কর্মসূচি অত্র এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এটি কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং পরিবেশ সংরক্ষণ ও কৃষি পুনরুদ্ধারের একটি বড় পদক্ষেপ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে চুনারুঘাটে কুলিয়াছড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি সৈয়দ ফয়সল খাল খনন কর্মসূচির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “খাল খননের মাধ্যমে দেশের প্রাণ-প্রকৃতি রক্ষার অনন্য উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশব্যাপী খাল পুনঃখনন কার্যক্রম জোরদার করেছে। এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি পাড়ে গাছ রোপণ করলে প্রকৃতি আবার প্রাণবন্ত হয়ে উঠবে।
সরকারের কৃষিবান্ধব বিভিন্ন পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে এমপি বলেন, কৃষকদের জন্য কৃষি ঋণ সহায়তা, কৃষি কার্ড প্রদান, সময়মতো সার ও বীজ সরবরাহ এবং আধুনিক কৃষিযন্ত্র পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: