হবিগঞ্জে দাখিল পরীক্ষায় ভুল সেটে পরীক্ষা: কেন্দ্র সচিবসহ ৩ জন অব্যাহতি
হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাখিল পরীক্ষার প্রথম দিনে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সারা দেশে এক সেটে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এই কেন্দ্রের একটি কক্ষে শিক্ষার্থীদের অন্য সেটের প্রশ্ন সরবরাহ করা হয়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে কেন্দ্র সচিবসহ তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন— কেন্দ্র সচিব মো. ফারুক মিয়া, হল সুপার মো. খাইরুদ্দীন এবং ট্যাগ অফিসার মিজানুর রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) দাখিল পরীক্ষার প্রথম দিনে ‘কুরআন মাজিদ’ বিষয়ের পরীক্ষা চলাকালীন সারা দেশে ‘যমুনা-১’ সেটে পরীক্ষা নেওয়া হলেও ওই কেন্দ্রের একটি কক্ষে ১০০ জন পরীক্ষার্থীকে ভুলবশত ‘মেঘনা-১’ সেটের প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা হল ত্যাগ করার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
অতিরিক্ত জেলা প্রশাসক পাপিয়া আক্তার জানান, এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়েছে। ওই ১০০ জন শিক্ষার্থীর খাতা আলাদাভাবে মূল্যায়ন করা হবে এবং এতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। খাতাগুলো বিশেষ প্রক্রিয়ায় হাতেহাতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অব্যাহতির সিদ্ধান্ত মঙ্গলবার বিকেলেই নেওয়া হয়েছিল, তবে বুধবার আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের কাছে চিঠি পৌঁছেছে। অব্যাহতিপ্রাপ্তরা চলতি পরীক্ষার বাকি দিনগুলোতে আর কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।
উল্লেখ্য, ওই কেন্দ্রে মোট নিবন্ধিত ৬২৪ জন পরীক্ষার্থীর মধ্যে মঙ্গলবার ৬০৮ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন সেটের প্রশ্নের মধ্যে বড় ধরনের পার্থক্য থাকে, তাই পরীক্ষার হলে এমন অসতর্কতা কোনোভাবেই কাম্য নয়। কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে পরীক্ষার্থীরা বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেলেও প্রশাসনের এই কঠোর অবস্থান অন্যান্য কেন্দ্রগুলোর জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: