মাধবপুরে হারভেস্টার মালিকের দৌরাত্ম্য: অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
হবিগঞ্জের মাধবপুরে সরকার নির্ধারিত মূল্যে হারভেস্টার মেশিনে ধান কাটতে পারছেন না সাধারণ কৃষকরা। শিলাবৃষ্টি ও অতিবৃষ্টির হাত থেকে পাকা ফসল দ্রুত ঘরে তোলার আতঙ্কে তারা অধিক মূল্যে ধান কাটতে বাধ্য হচ্ছেন। বুধবার (২২ এপ্রিল) উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া মাঠে প্রশাসনের বেঁধে দেওয়া নিয়মের তোয়াক্কা না করেই চড়া মূল্যে ধান কাটার অভিযোগ উঠেছে এক হারভেস্টার মালিকের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বরুড়া গ্রামের মিশুক মিয়া নামের এক হারভেস্টার মালিক সাতপাড়া মাঠে প্রতি শতাংশ জমির ধান কাটার বিনিময়ে ৯০ টাকা করে আদায় করছেন। অথচ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত সমন্বয় সভায় হারভেস্টার মালিকদের উপস্থিতিতে প্রতি শতাংশ ৬০ টাকা এবং বিঘা প্রতি (৩৩ শতাংশ) ২ হাজার টাকা মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সেই হিসাবে বিঘাপ্রতি নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় ১ হাজার টাকা বেশি আদায় করা হচ্ছে। সাতপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম জানান, তিনি ৮০ শতাংশ জমির ধান কাটিয়েছেন এবং নিরুপায় হয়ে প্রতি শতাংশের জন্য ৯০ টাকা করে দিতে হয়েছে। একই অভিযোগ করেছেন কৃষক তাজুল ইসলাম ও নারি উদ্দিনও।
বিষয়টি নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ওই হারভেস্টার মালিকের সঙ্গে কথা বলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। কৃষি কর্মকর্তার সতর্কবার্তার পরও মিশুক মিয়া ৯০ টাকা হারেই কৃষকদের কাছ থেকে টাকা আদায় করেছেন বলে ভুক্তভোগীরা জানান। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, হারভেস্টার মালিকদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা নির্ধারিত মূল্যের বেশি নিতে পারবেন না। ভুক্তভোগী কৃষকদের কাছ থেকে লিখিত অভিযোগ ও প্রমাণ পেলে অভিযুক্ত হারভেস্টার মালিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: