মাধবপুরে ২ কোটি টাকার ভারতীয় ওষুধ ও ফুচকা জব্দ
হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ ওষুধ ও ফুচকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব নিষিদ্ধ পণ্য উদ্ধার করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। দুপুরের দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামিয়ে তল্লাশি করা হলে দেখা যায়, ট্রাকের ভেতরে ইটের নিচে বস্তার মধ্যে অত্যন্ত কৌশলে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ওষুধ ও ফুচকা লুকিয়ে রাখা হয়েছে। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২০ হাজার টাকা। জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশীয় ওষুধ শিল্প রক্ষা ও দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ রহমান
মন্তব্য করুন: