সুনামগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
সুনামগঞ্জে কৃষি বিপ্লব ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্য নিয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টায় সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (PARTNER) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তার, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই ছিল এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকার কৃষিকে আধুনিক ও বাণিজ্যিক করতে নিরলস কাজ করছে। 'পার্টনার' প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকরা এখন শুধু উৎপাদনকারী নন বরং দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন। তিনি উন্নত প্রযুক্তি ব্যবহার করে ফসলের উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ নাজমুল কবির বলেন, গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টির চাহিদা মেটানো এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্রকল্প কৃষকদের নতুন পথ দেখাবে।
সদর উপজেলা কৃষিবিদ মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। সম্মেলনে কৃষকরা আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে তাঁদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও সংহতি প্রকাশ করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এবিএম মোশফিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত শাহা, সমবায় অফিসের সহকারী প্রশিক্ষক মোহাম্মদ শিমুল খান, চেয়ারম্যান, রঙ্গারচর ইউনিয়ন পরিষদ মো. আব্দুল হাই, চেয়ারম্যান, কাঠইর ইউনিয়ন পরিষদ মুফতি মো. শামসুল ইসলাম। বক্তারা সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জ জেলাকে কৃষিতে সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে আধুনিক চাষাবাদ ও প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: