দোয়ারাবাজারে বাপেক্সের জমি দখল করে মার্কেট ও খামার নির্মাণের অভিযোগ

দোয়ারাবাজারে বাপেক্সের জমি দখল করে মার্কেট ও খামার নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৬/১১/২০২৬ ২৩:১৯:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্যাসক্ষেত্র এলাকায় সরকারি ও রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান বাপেক্সের জমি দখল করে পুকুর, পোল্ট্রি খামার ও বাণিজ্যিক মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা আতাউর রহমান ফরাজীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এসব জমি দখল করে রাখার অভিযোগ রয়েছে।

সম্প্রতি উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সরকারি জমিতে নির্মিত স্থাপনা সিলগালা করলেও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) জমিতে গড়ে তোলা স্থাপনাগুলো এখনো বহাল রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টেংরাটিলা বাজার এলাকায় সড়কের দুই পাশে বাপেক্সের মালিকানাধীন জমিতে আধাপাকা মার্কেট ও পোল্ট্রি খামার নির্মাণ করেছেন আতাউর রহমান। এ ছাড়া সরকারি জমি দখল করে পুকুর ও খামার গড়ে তুলেছেন তিনি। দীর্ঘদিন ধরে প্রশাসন উচ্ছেদের উদ্যোগ নিলেও অভিযুক্ত ব্যক্তি বারবার সময় নেওয়ায় তা বিলম্বিত হয়। সর্বশেষ গত ১২ নভেম্বর উপজেলা প্রশাসন সরকারি জমিতে থাকা স্থাপনাগুলো সিলগালা করে লাল নিশান টানিয়ে দেয়। তবে বাপেক্সের জমির স্থাপনাগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

টেংরাটিলা এলাকার বাসিন্দা সিরাজ মিয়া বলেন, শুধু সরকারি জমিতে সিলগালা করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বাপেক্সের জমি দখলের বিষয়টি তদন্ত করে সীমানা নির্ধারণের মাধ্যমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।

আরেক বাসিন্দা মো. মোতালিব অভিযোগ করেন, সরকারি ও বাপেক্সের জমি দখলের পর আতাউর রহমান এখন স্থানীয় বাসিন্দাদের জমিও জোর করে দখলের চেষ্টা করছেন। এ নিয়ে এলাকায় বিরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আতাউর রহমান ফরাজীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে তাঁর ভাই সিরাজুল ইসলাম ফরাজী দখলের বিষয়টি স্বীকার করে প্রথম সিলেটকে বলেন, ‘কোম্পানির জায়গায় আমাদের স্থাপনা হয়েছে, এটা ঠিক। এখন কোম্পানি চাইলে আমরা সরে যাব।’

এ বিষয়ে সিলেট গ্যাস ফিল্ডসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হাসান বলেন, সরকারি প্রতিষ্ঠানের জায়গা ব্যক্তিগতভাবে দখলে রাখার কোনো সুযোগ নেই। খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, সরকারি জমির অবৈধ দখলদারদের উচ্ছেদে আইনি প্রক্রিয়া চলমান আছে এবং কিছু স্থাপনা এরই মধ্যে সিলগালা করা হয়েছে। বাপেক্স কর্তৃপক্ষ তাদের জমি উদ্ধারে সহযোগিতা চাইলে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মাসুদ রানা সোহাগ / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad