শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই সংসদ সদস্য
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। আজ রোববার (১২ এপ্রিল) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নবনির্বাচিত দুই সদস্য—শেরপুর-৩ আসনের মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের রেজাউল করিম বাদশাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে প্রথা অনুযায়ী দুই সংসদ সদস্য শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং স্পিকারের সাথে করমর্দন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নূরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত ছিল। অন্যদিকে, ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ শেষে গতকাল বিজয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
গত ১৭ ফেব্রুয়ারি ২৯৭ জন সংসদ সদস্য শপথ নিয়েছিলেন। আজকের শপথসহ এ পর্যন্ত মোট ২৯৮ জন সদস্য শপথ গ্রহণ করলেন। বর্তমানে আদালত ও আইনি জটিলতার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রয়েছে। মামলার নিষ্পত্তি শেষে ওই দুই আসনের ফলাফল ঘোষণা ও বিজয়ীদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এ রহমান
মন্তব্য করুন: