নবীগঞ্জে বিমার গ্রাহক সংগ্রহ নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই বিমা প্রতিষ্ঠানের গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌশতপুর গ্রামের বাসিন্দা আহমদ আলী ‘ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স’ এবং মৌলদ হোসেন ‘প্রগতি লাইফ ইন্স্যুরেন্স’-এ কর্মরত রয়েছেন। গ্রাহক বাড়ানো এবং নিজ নিজ প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা নিয়ে দীর্ঘক্ষণ তর্কের একপর্যায়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এই বিরোধ দ্রুত দুই কর্মীর স্বজন ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিঞা জানান, বিমা প্রতিষ্ঠানের গ্রাহকসংক্রান্ত তুচ্ছ বিরোধ থেকেই এই বড় ধরনের সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: