আবু সাঈদ হত্যা মামলার রায়: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ২৮ জনের কারাদণ্ড
চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার গণআন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্যসহ ২৮ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জনাকীর্ণ আদালতে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন—রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই মো. আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায় ঘোষণার পর আদালত কক্ষেই চিৎকার ও ক্ষোভ প্রকাশ করেন আমির হোসেন; প্রিজন ভ্যানে ওঠার সময় নিজেকে ‘হুকুমের গোলাম’ দাবি করে তিনি এই রায় মানেন না বলে চিৎকার করতে থাকেন। অন্যদিকে, মামলার অন্যতম আসামি বেরোবির সাবেক ভিসি ড. হাসিবুর রশিদ, সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান এবং সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, সাতজনকে ১০ বছর, সাতজনকে ৫ বছর এবং বাকিদের ২ থেকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে নিরস্ত্র আবু সাঈদের ওপর পুলিশের গুলিবর্ষণ ছিল একটি বর্বরোচিত ও মানবতাবিরোধী অপরাধ, যার ভিডিওচিত্র সারা দেশে গণঅভ্যুত্থানের দাবানল জ্বালিয়ে দিয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৩০ জন আসামির প্রত্যেকের অপরাধের মাত্রা অনুযায়ী এই দণ্ডাদেশ প্রদান করা হলো, যা দেশের বিচারিক ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: