তদন্ত কমিটি গঠন
সিলেট–লন্ডন ফ্লাইটে যাত্রী অসুস্থ, জরুরি অবতরণ হয়নি
সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লেও পাকিস্তানের আকাশসীমায় থাকা অবস্থায় জরুরি অবতরণ করা হয়নি। প্রায় তিন ঘণ্টা পর ফ্লাইটটি ঢাকায় ফিরে অবতরণ করলে ওই যাত্রীকে মৃত ঘোষণা করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বুধবার (৭ জানুয়ারি) জানান, ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিমান সূত্রে জানা যায়, বিজি-২০১ নম্বর ফ্লাইটটি সিলেট থেকে উড্ডয়নের পর পাকিস্তানের আকাশসীমায় লাহোরের কাছে পৌঁছালে এক যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পাইলট ‘মেডিক্যাল ইমার্জেন্সি’ ঘোষণা করেন এবং ফ্লাইটটি ঢাকায় ফেরত আনার সিদ্ধান্ত নেন। ঢাকায় অবতরণের পর চিকিৎসকরা ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।
বিমান চলাচলের নিয়ম অনুযায়ী, মেডিক্যাল ইমার্জেন্সির ক্ষেত্রে নিকটবর্তী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ বিবেচনা করা হয়। পাকিস্তানের আকাশসীমায় অবস্থানকালে লাহোর বা আশপাশের কোনো বিমানবন্দরে জরুরি অবতরণ করা যেত কি না—এ বিষয়টি তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে ২০২৩ সালে সিলেট–লন্ডন রুটের একটি ফ্লাইটেও একটি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছিল। সে সময়ও যাত্রী অসুস্থ হওয়ার পর জরুরি অবতরণ না করে সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করানো হয়েছিল।
সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক ঘটনার বিস্তারিত তথ্য তদন্তের পর পাওয়া যাবে এবং প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ রহমান
মন্তব্য করুন: