সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালিকের মনোনয়নপত্র স্থগিত
সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ সিদ্ধান্ত জানান।
রিটার্নিং কর্মকর্তা বলেন, প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে রোববার (৫ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
প্রসঙ্গত, এম এ মালিক দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করেছেন এবং তিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশে ফেরেন। পরবর্তীতে বিএনপি থেকে তাকে সিলেট-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় এম এ মালিক উল্লেখ করেছেন, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি নিজেকে ‘স্বশিক্ষিত’ হিসেবে উল্লেখ করেছেন এবং পেশা হিসেবে লিখেছেন ‘কিছুই না’।
তবে হলফনামা অনুযায়ী, পেশা উল্লেখ না থাকলেও তার কাছে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ রয়েছে। ঘোষিত তথ্য অনুযায়ী, তার কাছে রয়েছে ২ লাখ টাকা বাংলাদেশি মুদ্রা, ৭১ হাজার ৭৭৩ দশমিক ৫০ মার্কিন ডলার এবং ৬ হাজার ৭১০ ব্রিটিশ পাউন্ড।
আয়ের উৎস হিসেবে তিনি দেখিয়েছেন বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া থেকে বছরে ৭ লাখ ৮০ হাজার টাকা। পাশাপাশি বিদেশে অবস্থানরত নির্ভরশীলদের মাধ্যমে একই খাত থেকে বছরে প্রায় ২০ হাজার ব্রিটিশ পাউন্ড আয় হওয়ার তথ্য উল্লেখ করেছেন।
সম্পদের হিসাবে, এম এ মালিকের নামে রাজধানীর বনানীতে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়া গ্রামের বাড়িতে যৌথ মালিকানায় বসতভিটা রয়েছে বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের পর সিলেট-৩ আসনের নির্বাচনী মাঠে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন রোববারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক অঙ্গন।
এ রহমান
মন্তব্য করুন: