সিলেটে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি আর নেই। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় দিনের ম্যাচে রাজশাহীর বিপক্ষে খেলার আগে অনুশীলনে ব্যস্ত ছিলেন ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। এ সময় মাঠে উপস্থিত মাহবুব আলী জাকি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়েছেন।
তার মৃত্যুর খবরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নেমে আসে শোকের ছায়া। এর মধ্যেই নির্ধারিত সূচি অনুযায়ী রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস এবং ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়েই।
বাংলাদেশ ক্রিকেটে মাহবুব আলী জাকি ছিলেন একজন পরিচিত ও অভিজ্ঞ মুখ। পেসার হিসেবে তিনি জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় যুক্ত হয়ে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। মাশরাফি বিন মোর্ত্তজা, তাসকিন আহমেদের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের কোচিং করিয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলেও ছিলেন মাহবুব আলী জাকি।
বিপিএলের দ্বিতীয় দিনের এই দুঃসংবাদ ঢাকার জন্য ছিল বড় ধাক্কা। ক্রিকেট উৎসবের মাঝেই দেশের একজন প্রিয় কোচের আকস্মিক মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে পুরো ক্রিকেট অঙ্গন।
ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি ও সিলেটের আল হারামাইন হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মাহবুব আলী জাকির মৃত্যু হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: