ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান
‘করমুক্ত বিনিয়োগসহ প্রবাসীদের নানা সুবিধা দেবে সরকার’
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগসহ নানা সুযোগ–সুবিধা প্রদানের উদ্যোগ নিচ্ছে সরকার—এমনটাই জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নিরাপদ ও লাভজনক বিনিয়োগের জন্য সিলেট হতে পারে একটি আদর্শ এনআরবি বিনিয়োগ জোন। পাশাপাশি সিলেটে একটি এনআরবি স্মার্ট সিটি গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ লক্ষ্যে জমি সংক্রান্ত জটিলতা, কাগজপত্র, নিরাপত্তা ও প্রশাসনিক ভোগান্তি দূর করার ওপর গুরুত্বারোপ করেন সচিব।
আব্দুল নাসের খান আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রবাসীদের বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
অনুষ্ঠানে জানানো হয়, সম্মাননার জন্য গত ২০ দিনে মোট ৫৮২টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই ও বিভিন্ন দিক পর্যালোচনা শেষে ১০৩ জন প্রবাসীকে সম্মাননা প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সিলেটের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ছয়টি ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়। আবেদন গ্রহণ করা হয় ৫ ডিসেম্বর পর্যন্ত। ক্যাটাগরিগুলো হলো— সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক।
নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বের ১১টি দেশে অবস্থানরত সিলেটের ছয় শতাধিক প্রবাসী এসব ক্যাটাগরিতে আবেদন করেন। আবেদনকারীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত গুগল ফর্ম ও ইমেইলের মাধ্যমে গ্রহণ করা হয়।
সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা জানান, আবেদনকারীদের মধ্যে যাচাই-বাছাই শেষে যোগ্যদের সম্মাননার জন্য নির্বাচন করা হয়েছে।
সম্মাননা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং পুলিশ সুপার কাজী আখতারুল আলম।
এ রহমান
মন্তব্য করুন: