সিলেটে বিপিএলের উদ্বোধনী দিনে শহীদ শরিফ ওসমান হাদিকে ব্যতিক্রমী স্মরণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী আয়োজনে স্মরণ করা হয়েছে সিলেটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসরের উদ্বোধনী দিনে এই স্মরণ ও দোয়ার আয়োজন করা হয়, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে এই আয়োজন করা হয়। স্টেডিয়ামের প্রধান ফটকের পাশে শহীদ ওসমান হাদির একটি দৃশ্যমান ছবি স্থাপন করা হয়, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
ছবির পাশেই রাখা হয় বাতাসাভর্তি দুটি বক্স। এক বক্সে লেখা ছিল— ‘টেক এ বাতাসা, প্রে ফর হাদী’ এবং অন্য বক্সে লেখা ছিল— ‘টেক এ বাতাসা, জাস্টিস ফর হাদী’। দর্শনার্থীরা বাতাসা গ্রহণের মাধ্যমে শহীদের আত্মার মাগফিরাত ও বিচার দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
সিলেট-এয়ারপোর্ট রোড সংলগ্ন লাক্কাতুড়া চা বাগানের টিলার পাদদেশে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমন ব্যতিক্রমী স্মরণ আয়োজন ক্রিকেট অনুরাগীদের আবেগাপ্লুত করে তোলে।
সম্প্রতি আততায়ীর গুলিতে নিহত শহীদ শরিফ ওসমান হাদিকে স্মরণ করে এই মানবিক ও নীরব প্রতিবাদমূলক আয়োজনকে অনেকে সম্মান, প্রতিবাদ ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে দেখছেন।
এ রহমান
মন্তব্য করুন: