নানা বিতর্কের মাঝেই সিলেটে পর্দা উঠল বিপিএলের দ্বাদশ আসর
নানা বিতর্ক, সমালোচনা ও অব্যবস্থাপনার অভিযোগকে সঙ্গী করেই আজ শুক্রবার সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্ত পর্যন্ত একাধিক নেতিবাচক ঘটনায় আলোচনার কেন্দ্রে ছিল এবারের বিপিএল।
টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা সৃষ্টি হলে শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসকে ঘিরেও তৈরি হয় বিতর্ক। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলের অনুশীলন বয়কট করেন কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। পরে আলোচনার মাধ্যমে তারা দলে ফিরে আসেন।
শুরুর দিকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হলেও ‘নিরাপত্তাজনিত কারণে’ সেটি বাতিল করে বিসিবি। পরে জানানো হয়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সীমিত পরিসরে উদ্বোধনী আয়োজন করা হবে।
আজ বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস।
উদ্বোধনী ম্যাচের আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর কোরআন তিলাওয়াত এবং শহীদ ওসমান হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে হাজার হাজার বেলুন উড়িয়ে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
তবে সব আয়োজনের মাঝেও আলোচনার কেন্দ্রে উঠে আসে বিপিএলের ট্রফি। উদ্বোধনী দিনে মাঠে ট্রফির দেখা মেলেনি। খোঁজ নিয়ে জানা গেছে, বিদেশ থেকে ট্রফি আসার কথা থাকলেও তা এখনও দেশে পৌঁছায়নি। এ কারণেই হয়নি ক্যাপ্টেনস ডে-ও।
এদিকে চলমান ম্যাচ শেষে উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে নাচ ও গানের আয়োজন থাকছে। বিপিএলে অংশ নেওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। ফুয়াদ মুক্তাদিরের কোরিওগ্রাফিতে আয়োজিত এ অনুষ্ঠান চলবে প্রায় ৪৫ মিনিট। এরপর রাত ৭টা ৪৫ মিনিটে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ।
এবারের বিপিএলে ধারাভাষ্যকার প্যানেলে রয়েছেন দেশি ও বিদেশি জনপ্রিয় মুখগুলো। তাদের মধ্যে আছেন—ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, ফারভেজ মাহরুফ, আতহার আলী খান ও রমিজ রাজা।
এ রহমান
মন্তব্য করুন: