সিলেটে সড়ক দুর্ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে, এক সপ্তাহে ৮ জনের মৃত্যু
Led Bottom Ad

প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ

সিলেটে সড়ক দুর্ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে, এক সপ্তাহে ৮ জনের মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদন

২৫/১২/২০২৫ ১২:১৩:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট অঞ্চলের মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে সড়ক দুর্ঘটনা দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। যেন থামছেই না মৃত্যুর মিছিল। প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ, আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন অসংখ্য মানুষ। কার্যকর উদ্যোগ ও চালকদের সচেতনতার অভাবে সড়ক দুর্ঘটনা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত এক সপ্তাহে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মৌলভীবাজারের কুলাউড়া–বড়লেখা আঞ্চলিক মহাসড়কের আছুরিঘাট এলাকায় ঘন কুয়াশার মধ্যে পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) এবং ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। দুই বন্ধু মোটরসাইকেলে কুলাউড়া অভিমুখে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যান সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এদিকে সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় কয়লা বোঝাই ট্রাকের চাপায় সুলেমান মিয়া (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে চারাগাঁও স্থল শুল্ক স্টেশনে দুর্ঘটনাটি ঘটে। নিহত সুলেমান উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত গ্রামের মনা মিয়ার ছেলে। বিজিবি নিয়ন্ত্রিত কাস্টমস রোডে ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠানের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সুলেমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরেও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে পরিবহন শ্রমিক জামাল মিয়ার (৩০)। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিং হাটি এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। জামাল মিয়া উপজেলার মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের জদু মিয়ার ছেলে।

অপরদিকে, সিলেটের জকিগঞ্জে অবৈধ ও দ্রুতগতির ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম মাওলানা বদরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় আটগ্রাম স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কাজলসার ইউনিয়নের কাজিরপাতন গ্রামের ইলিয়াস আলীর ছেলে এবং জগন্নাথপুর উপজেলার একটি মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জে মধ্যরাতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে সিলেট–জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ গোয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— আব্দুল আহাদ (৪৩) ও সাব্বির আহমদ (২১)। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া দলীয় অনুষ্ঠানে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইরন মিয়া (৪২)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার নাজির বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সচেতন মহল বলছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর আইন প্রয়োগ, যানবাহনের গতিনিয়ন্ত্রণ এবং চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। অন্যথায় সিলেট অঞ্চলে সড়ক দুর্ঘটনার এই ভয়াবহ চিত্র আরও ভয়ংকর রূপ নিতে পারে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad