সিলেটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি যানবাহন পুড়ে ছাই
সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩টি যানবাহন পুড়ে ছাই হয়ে গেছে। এতে একটি গাড়ি মেরামতের ওয়ার্কশপসহ পাশের তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
রাত আনুমানিক দেড়টার দিকে নবাবী মসজিদের পাশে অবস্থিত ‘ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’ নামের গাড়ি মেরামতের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে তীব্র আকার ধারণ করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ব্যাপকতা দেখে আরও পাঁচটি ইউনিট যুক্ত হয়। মোট আটটি ইউনিটের দেড় ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে কেউ উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ওয়ার্কশপের ভেতরে থাকা এক্স নোহা, মাইক্রোবাসসহ ১০টি গাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। বাইরে রাখা তিনটি মোটরসাইকেল এবং পুলিশের একটি পিকআপ ভ্যানও ভস্মীভূত হয়। সব মিলিয়ে মোট ১৩টি যানবাহন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ওয়ার্কশপে রাখা কোনো গাড়ির ইঞ্জিন সিলিন্ডার বিস্ফোরণ ঘটায় আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি বৈদ্যুতিক শর্টসার্কিট বা যান্ত্রিক ত্রুটিও সম্ভাব্য কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল কিনা বা ভেতরে কোনো অতিরিক্ত দাহ্য পদার্থ রাখা ছিল কিনা—তা জানতে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। তদন্তের আগে আগুনের সঠিক কারণ বা ক্ষতির চূড়ান্ত হিসাব নিশ্চিত করা সম্ভব নয়।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: