নাজিফা তুষি অভিনীত সিনেমা ‘রইদ অস্কারের জন্য নির্বাচিত

নাজিফা তুষি অভিনীত সিনেমা ‘রইদ অস্কারের জন্য নির্বাচিত

প্রথম ডেস্ক

২৮/০৯/২০২৬ ১২:০৫:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অস্কারে যাচ্ছে নাজিফা তুষি অভিনীত সিনেমা ‘রইদ’। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে সিনেমাটি। দেশীয় লোকজ সংস্কৃতি, মানবিক আবেগ ও মাটির গল্পকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। 

গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়ে। প্রাথমিক বাছাইয়ের পর চারটি সিনেমা বিবেচনায় আসে। সেখান থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের সিনেমা হিসেবে নির্বাচিত হয় ‘রইদ’। 

অস্কারের আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার খবরে উচ্ছ্বসিত নাজিফা তুষি। প্রতিক্রিয়ায় তিনি বলেন, খুবই আনন্দ ও উচ্ছ্বাসের একটি খবর আমার অভিনীত সিনেমা অস্কারে যাচ্ছে। এটি সিনেমার পুরো টিমের জন্য আনন্দের। এই যাত্রা বাংলাদেশের সিনেমার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। এখন অপেক্ষা অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকার। সেখানে ‘রইদ’ জায়গা করে নিতে পারলে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক মঞ্চে তৈরি হবে আরও বড় সুযোগ।

সিনেমাটির নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, এটি খুবই আনন্দের একটি খবর। রইদ আমাদের গল্প। আমাদের সংস্কৃতি ও চিন্তার ভেতর দিয়ে গল্পটা এগিয়েছে। একটা সময় অস্কারে বাংলাদেশ থেকে যাওয়ার মতো সিনেমা সেভাবে ছিল না। বেশ কয়েক বছর ধরে ভালো মানের সিনেমা অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। এটা বাংলাদেশের সিনেমার জন্য একটা আশার দিক বলে মনে করছি। একটা সময় হয়তো বাংলাদেশ এর সুফলও পাবে। রইদের জন্য আরও ভালো কিছু প্রত্যাশা করছি। 

‘রইদ’ মূলত সাধু ও তার স্ত্রী পাগলির সম্পর্কের সরল অথচ গভীর আখ্যান। প্রেম ও নীরবতার মধ্য দিয়ে মানবজীবনের চিরন্তন এক আদিম প্রেমের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।  নাজিফা তুষির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। আরও রয়েছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ ও তুতুল ফকির।

সিনেমাটির চিত্রনাট্য করেছেন সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমান। অস্কার বাংলাদেশ কমিটির সাত সদস্যের মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে সিনেমাটি নির্বাচন করা হয়েছে। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। অন্য সদস্যরা হলেন— সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

এর আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয় ‘রইদ’। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি গত ২৮ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।


পূজা বাড়াইক/ প্রসি=২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad