বিশ্বনাথে মাইকে ডেকে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩০
সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকি ও ইশবপুর গ্রামের মধ্যবর্তী স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূরকি গ্রামের মো. কবির হোসেন (ধলা মিয়া) এবং ইশবপুর গ্রামের হাজী ছফির আলীর লোকজনের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার দুপুরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ মসজিদের মাইকে মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই দফায় দফায় সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—লামাকাজী ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন (ধলা মিয়া), মো. মাসুক মিয়া, কবির মিয়া, মিজানুর রহমান, আতিকুর রহমান, আবদুল ওয়াহিদ টিটন, জাকির আহমদ, হাজী ছফির আলী, তাজ মিয়া, জনি আহমদ, জয়নাল মিয়া, কায়ছর মিয়া, জমিল মিয়া, সাইদ উদ্দিন ও আলিম উদ্দিন।
আহতদের মধ্যে গুরুতরদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যেরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
খবর পেয়ে বিশ্বনাথ থানা-পুলিশের একটি বিশাল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত থাকলেও নতুন করে উত্তেজনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, "পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ফারুক আহমদ / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: