আইসিসির ওপর বড় ধরনের নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের তোড়জোড় চালাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে আন্তর্জাতিক এই বিচারিক সংস্থাটির সঙ্গে প্রায় সব ধরনের আর্থিক ও বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ হয়ে পড়বে।
মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালেই চলতি সপ্তাহে এ সংক্রান্ত নির্বাহী আদেশ চূড়ান্ত করতে পারে ওয়াশিংটন।
এর আগে আইসিসির নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দিলেও এবার পুরো সংস্থাটির ওপরই সর্বাত্মক বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞা বাস্তবায়নের ক্ষেত্রে ৬ থেকে ৭ মাসের একটি অন্তর্বর্তীকালীন সময় দেওয়া হতে পারে।
মূলত আফগানিস্তানে মার্কিন বাহিনীর কর্মকাণ্ড নিয়ে আইসিসির তদন্ত এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জেরে এ পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে সম্প্রতি আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং প্রসিকিউটর কার্যালয়ের জ্যেষ্ঠ আইনজীবী আবদুলায়ে সেইয়ের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়।
মার্কিন সরকারের এমন পদক্ষেপকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর ‘স্পষ্ট আক্রমণ’ হিসেবে অভিহিত করে তীব্র প্রতিবাদ জানিয়েছে আইসিসি।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: