জাফলংয়ে দেড় হাজার ঘনফুট পাথর উদ্ধারসহ ৫০ টি বারকি নৌকা ধ্বংস
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন স্পট জিরোপয়েন্ট থেকে চুরি হওয়া দেড় হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকাল ১০ টা থেকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো. ফরহাদ উদ্দিনের নেতৃত্বে দুপুর ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে উদ্ধারকৃত পাথর ফের জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়েছে।
অভিযান চলাকালে এ সময় অবৈধভাবে বালু উত্তোলন এর জন্য কমপক্ষে ৫০ টি নৌকা ধ্বংস করা হয়েছে। টাস্কফোর্স অভিযানে সহায়তা করে পুলিশ ও বিজিবি।
উল্লেখ্য এর আগে গত বৃহস্পতিবার এবং শুক্রবার দুই দিনের অভিযানে পিয়াইন নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে ৮ হাজার ৫ শত ঘনফুট লুট করা পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাথর নদীতে প্রতিস্থাপনের লক্ষে জাফলং জিরোপয়েন্ট এলাকায় নৌকা দিয়ে ফেলা হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, জাফলংয়ের জিরোপয়েন্ট থেকে কিছু দুষ্কৃতকারী রাতের আধারে বৃষ্টির মধ্যে কিছু পাথর সরিয়ে ফেলছিল। আমরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুত পদক্ষেপ নেই। এরপর থেকে ২৪ ঘন্টা পুলিশ-বিজিবি'র টহল অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সেখান থেকে যে পাথরগুলো সরানো হয়েছে আমরা সেই পাথরগুলো খোঁজে বের করে সাড়ে ৯ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছি। কিন্তু পাথর লুটপাটের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: