হবিগঞ্জে ঝড়ে নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
হবিগঞ্জের লাখাই উপজেলার সুতাং নদী থেকে সাদেক মিয়া (২৮) নামের এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় নৌকা থেকে নদীতে পড়ে যাওয়ার ২১ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তাঁর মরদেহ ভেসে ওঠে। নিহত সাদেক মিয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে সাদেক মিয়া ও তাঁর ভাই ফরাশ মিয়া জমি থেকে ধান আনতে হাওরে গিয়েছিলেন। বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হলে তাঁরা নৌকাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ফেরার পথে নৌকার মাথায় একটি অ্যালুমিনিয়ামের পাত্র মাথায় দিয়ে বসেছিলেন সাদেক। এ সময় বজ্রপাতের প্রচণ্ড শব্দে আতঙ্কিত হয়ে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পরে লাখাই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও তীব্র স্রোত ও অন্ধকারের কারণে বুধবার রাতে কোনো সন্ধান পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার কাজ শুরু করে। দুপুর ১টার দিকে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে খবর দিলে ডুবুরি দল গিয়ে সাদেকের মরদেহ উদ্ধার করে। বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক এবং লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাদেকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বপন রবি দাস
মন্তব্য করুন: