হবিগঞ্জে সরকারি শিশু পরিবারে অনিয়মের প্রতিবাদ করা শিশু ৬ দিন ধরে নিখোঁজ
Led Bottom Ad

হবিগঞ্জে সরকারি শিশু পরিবারে অনিয়মের প্রতিবাদ করা শিশু ৬ দিন ধরে নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৪/০৫/২০২৬ ১২:৪৩:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের নির্যাতন ও সরকারি খাদ্যসামগ্রী বাইরে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় উজ্জ্বল (১১) নামে এক শিশু গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ওই শিশুর সন্ধান চেয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে শিশু পরিবার কর্তৃপক্ষ।

জানা গেছে, নিখোঁজ উজ্জ্বল পিতামাতাহীন এবং ২০১৭ সালে লাখাই থেকে উদ্ধারের পর তাকে হবিগঞ্জ শিশু পরিবারে স্থানান্তর করা হয়েছিল। নিখোঁজ হওয়ার আগে এক ভিডিও বক্তব্যে উজ্জ্বল অভিযোগ করে যে, শিশুদের জন্য বরাদ্দকৃত খাদ্যের একটি অংশ বাইরে বিক্রি করে দেওয়া হয় এবং নিম্নমানের পোশাক বেশি দামে কিনে অর্থ আত্মসাৎ করা হচ্ছে। এসবের প্রতিবাদ করলে তাকে নিয়মিত গালাগাল, শারীরিক নির্যাতন এবং এমনকি জেলে পাঠানোর হুমকি দেওয়া হতো। প্রতিষ্ঠানের অন্য শিশুদের অভিযোগ, তালিকায় ইলিশ মাছসহ উন্নত খাবার থাকলেও তাদের তা দেওয়া হয় না, বরং ভালো খাবার কর্মকর্তারা বাসায় নিয়ে যান। ১০০ আসনের এই প্রতিষ্ঠানে বর্তমানে ৭১ জন শিশু রয়েছে, যাদের জন্য মাথাপিছু মাসিক পাঁচ হাজার টাকা বরাদ্দ থাকলেও অব্যবস্থাপনা এখন চরমে।

শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) নিপুন রায় অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, উজ্জ্বল নিজেই কর্মচারী ও অন্য শিশুদের মারধর করে প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছে। এর আগেও সে পালিয়ে গিয়েছিল বলে তিনি জানান। তবে শৃঙ্খলা ও তদারকির অভাব নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচনা চলছে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, উজ্জ্বলকে উদ্ধারে অভিযান চলছে এবং শিশু পরিবারে অনিয়মের অভিযোগগুলো গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad