দিরাইয়ে ভেসে ওঠা ধান লুটের চেষ্টা, পুলিশের ধাওয়ায় পালালো দুর্বৃত্তরা
Led Bottom Ad

দিরাইয়ে ভেসে ওঠা ধান লুটের চেষ্টা, পুলিশের ধাওয়ায় পালালো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি,দিরাই

১২/০৫/২০২৬ ১৮:০৪:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রাকৃতিক বিপর্যয়ে তলিয়ে যাওয়া বোরো ধান পানি থেকে ভেসে ওঠার পর তা লুটের চেষ্টা চালিয়েছে একদল সুযোগসন্ধানী দুর্বৃত্ত। আজ মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার বরাম হাওরের ভাঙাডহর ও ডাইয়ারগাও এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের লুটপাট এড়ানো সম্ভব হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বরাম হাওরের একাংশ তলিয়ে গিয়েছিল। এতে দিশেহারা হয়ে পড়েন কয়েকশ কৃষক। তবে গত দুদিন কড়া রোদ থাকায় হাওরের পানি দ্রুত কমতে শুরু করে। এতে পানির নিচে তলিয়ে যাওয়া আধা-পাকা বোরো ধান পুনরায় দৃশ্যমান হয়ে ওঠে।

​পানির নিচ থেকে ধান জেগে ওঠার খবর ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী নোয়াগাও, সন্তোষপুর, বাউসী ও চন্দ্রপুর গ্রামের কিছু অসাধু লোক নৌকা নিয়ে দলবদ্ধভাবে ধান কাটতে ও লুট করতে বরাম হাওরে হানা দেয়।

​তাড়ল ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য (মেম্বার) বাবুল দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েকদিনের রোদে হাওরের পানি কমতে থাকায় তলিয়ে যাওয়া ধান ভেসে ওঠে। এই সুযোগে কিছু সুযোগসন্ধানী লোক নৌকাযোগে এসে লুটপাট শুরু করে। আমরা তাৎক্ষণিক বিষয়টি প্রশাসনকে জানাই। ​খবর পাওয়ার পরপরই দিরাই থানা পুলিশের একটি দল নৌকাযোগে হাওরে অভিযানে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং ধাওয়া খেয়ে ধান ফেলে রেখে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ফলে কৃষকের কষ্টার্জিত ফসলের বড় কোনো ক্ষতি করার সুযোগ পায়নি তারা।

​দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, বর্তমানে বরাম হাওর এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। তিনি বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশের তৎপরতায় দুর্বৃত্তরা পালিয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে।

​এদিকে প্রাকৃতিক দুর্যোগের ধকল কাটিয়ে ওঠার আগেই এমন লুটপাটের চেষ্টায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা দাবি জানিয়েছেন, হাওরে পুলিশি টহল যেন নিয়মিত রাখা হয়, যাতে অবশিষ্ট ফসল নিরাপদে ঘরে তোলা সম্ভব হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad