শাল্লায় রাতের আঁধারে কাটা ফসলরক্ষা বাঁধ মেরামত
Led Bottom Ad

ঝুঁকিমুক্ত হলো ছায়ার হাওর

শাল্লায় রাতের আঁধারে কাটা ফসলরক্ষা বাঁধ মেরামত

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

১০/০৫/২০২৬ ২৩:৩২:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুষ্কৃতকারীদের কেটে দেওয়া উদগল হাওরের বোরো ফসলরক্ষা বাঁধটি পুনরায় মেরামত করা হয়েছে। রোববার (১০ মে) দুপুরে উপজেলা প্রশাসন, পাউবো এবং স্থানীয় কৃষকদের সম্মিলিত প্রচেষ্টায় বাঁশ, জিও ব্যাগ ও এক্সকাভেটর দিয়ে মাটি ফেলে বাঁধটি রক্ষা করা হয়। এর ফলে ছায়ার হাওরের অবশিষ্ট বোরো ফসল তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে।

জানা গেছে, শনিবার (৯ মে) গভীর রাতে উপজেলার জয়পুর গ্রামের দক্ষিণ দিকে নিয়ামতপুর ও জয়পুরের মধ্যবর্তী স্থানে উদগল হাওরের এই গুরুত্বপূর্ণ বাঁধটি কেটে দেয় অজ্ঞাত দুষ্কৃতকারীরা। এতে বাঁধের কাটা অংশ দিয়ে পানি প্রবল বেগে ছায়ার হাওরে ঢুকতে শুরু করে। স্থানীয় কৃষকদের ধারণা, মাছ ধরার উদ্দেশ্যে হয়তো পার্শ্ববর্তী কোনো গ্রামের লোকজন এই হীন কাজটি করেছে। বাঁধটি দ্রুত মেরামত করা না হলে ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি শাল্লা থেকে দিরাই ও সুনামগঞ্জ জেলা সদরের একমাত্র সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা ছিল।

নিয়ামতপুর গ্রামের কৃষক জুয়েল দাস জানান, অতিবৃষ্টিতে ইতিমধ্যে অনেক ক্ষতি হয়েছে। এখন আবহাওয়া ভালো হওয়ায় ধান কাটার সুযোগ মিললেও বাঁধ কেটে দেওয়ায় নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় বিপদ এড়ানো গেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী ওবায়দুল হক নিশ্চিত করেছেন যে, বাঁধটি এখন সম্পূর্ণ মেরামত করা হয়েছে এবং পানি ঢোকা বন্ধ হয়েছে। শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, বাঁধ কাটায় জড়িতদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad