হবিগঞ্জে সরকারি বই বিক্রির অভিযোগে মাদরাসা সুপারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জের লাখাই উপজেলার করাব রহমানিয়া দাখিল মাদরাসার সরকারি বই ও সিলিং ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগে মাদরাসার সুপারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে শুক্রবার (৮ মে) রাতে থানায় এই মামলাটি করেন।
মামলায় অভিযুক্তরা হলেন— মাদরাসার সুপার মুফতি রফিকুল ইসলাম, সহকারী সুপার নুরুল হক চৌধুরী এবং সহকারী শিক্ষক আব্বাস উদ্দিন, নজির আহমদ, আবু তালেব, হাসানুল হক ও মো. ইসমাইল হোসেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত প্রায় ১ হাজার ৪০০ কেজি সরকারি বই বিতরণের পর মাদরাসায় সংরক্ষিত ছিল। নিয়ম অনুযায়ী বইগুলো সংরক্ষণের বিধান থাকলেও আসামিরা যোগসাজশ করে সুনেশ্বর গ্রামের জনৈক ইমরান মিয়ার কাছে তা বিক্রি করে দেন। গত শুক্রবার বিকেলে একটি পিকআপ ভ্যানে করে বই ও বৈদ্যুতিক পাখাসহ মালামাল সরিয়ে নেওয়ার সময় স্থানীয়রা গাড়িটি আটক করে পুলিশে খবর দেয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, দরপত্র ছাড়া সরকারি সম্পদ বিক্রির কোনো সুযোগ নেই এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিমুল আক্তার জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, জব্দকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
এ রহমান
মন্তব্য করুন: