ছাতকে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন,আটক ২
Led Bottom Ad

ছাতকে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন,আটক ২

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৮/০৫/২০২৬ ১৫:১০:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতকে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে ছাতক থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় লুণ্ঠিত নগদ টাকা, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মে রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে ছাতক উপজেলার  ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামের দারাখাই কুন্দানালা ব্রিজের দক্ষিণ পাশে ডাবর-জগন্নাথপুর আঞ্চলিক সড়কে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে ৮ থেকে ১০ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল।


এসময় ডাকাতরা পিকআপের সামনের ও পাশের গ্লাস ভাঙচুর করে গাড়িতে থাকা জগন্নাথপুরের হাবিব ভ্যারাইটিজ স্টোর-এর কর্মচারীদের মারধর ও প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ ২ লাখ ৬ হাজার টাকা লুট করে নেয়। এ ঘটনায় দোকানের কর্মচারী স্বপন দাস, চালক স্বদেব দাস ও প্রান্ত দাস আহত হন।


পরবর্তীতে দোকান মালিক মোঃ মতিউর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি রুজুর পর তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই শেখ মোঃ মিরাজ আহম্মেদের ওপর।


পুলিশ সুপার সুনামগঞ্জের সার্বিক দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেলের তত্ত্বাবধানে এবং ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (৮ মে) রাত ১টা ২০ মিনিটে ভাতগাঁও ইউনিয়নের ভমভমি বাজার এলাকা থেকে ডাকাত দলের সদস্য মোঃ আজির উদ্দিন (৩৩) ও মোঃ হোসাইন আহম্মদ (২২)-কে গ্রেফতার করা হয়।


পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলার ইশাকপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রামদা, একটি তলোয়ার, একটি মুখোশযুক্ত হুডি জ্যাকেট এবং লুণ্ঠিত টাকার মধ্যে নগদ ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করে পুলিশ।


উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কাঠের হাতলযুক্ত প্রায় ২৪ ইঞ্চি লম্বা একটি রামদা ও ২৩.৬ ইঞ্চি লম্বা একটি তলোয়ার। এছাড়া কালো-লাল রঙের একটি মুখোশযুক্ত হুডি জ্যাকেটও জব্দ করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সুজন তালুকদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad