ছাতকে পোল্ট্রি খামারে বিষ প্রয়োগে ১২০০ মোরগের মৃত্যু, নিঃস্ব খামারি
সুনামগঞ্জের ছাতকে একটি পোল্ট্রি খামারে বিষ প্রয়োগ করে প্রায় ১২০০ মোরগ মেরে ফেলার অভিযোগ উঠেছে; এতে খামার মালিকের আনুমানিক সাড়ে ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ছাতক পৌরসভার ৬নং ওয়ার্ডের বাগবাড়ি এলাকার বাসিন্দা মো. হুশিয়ার আলী এ ঘটনায় তাঁর শ্বশুর মোঃ আবুল মিয়ার বিরুদ্ধে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগের অভিযোগ এনে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হুশিয়ার আলী তাঁর বসতঘরের দ্বিতীয় তলায় প্রায় ২০০০টি বাউন কক জাতের মোরগ পালন করছিলেন। গত ৬ মে দিবাগত রাতে খামার পরিদর্শনের পর ঘুমাতে গেলেও পরদিন সকালে গিয়ে তিনি অধিকাংশ মোরগ মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া প্রাথমিক পরিদর্শনে কোনো রোগের লক্ষণ না পেয়ে ঘটনাটিকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন এবং নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে সিলেট ল্যাবে পাঠানোর কথা জানিয়েছেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, একজন এসআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, ছাতকের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী খামারি তাঁর অপূরণীয় ক্ষতির বিচার দাবি করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: