তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
‘গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং স্বাধীন কমিশন গঠন করতে চায় সরকার’
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং একে একটি সুষ্ঠু ও স্বাধীন কাঠামোর মধ্যে আনতে চায়; আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রের পক্ষেই তথ্যপ্রবাহ বা জবাবদিহিতার বাইরে থাকা সম্ভব নয় বিধায় অংশীজনদের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে একটি স্বাধীন ও সর্বসম্মত ‘গণমাধ্যম কমিশন’ গঠন করা এখন সময়ের দাবি।
আজ সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং, অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, একটি স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব নেওয়া এই সরকার জনগণের কাছে দায়বদ্ধ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের শক্তিশালী এই যুগে রাষ্ট্র চাইলেই সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে না।
গণমাধ্যম শিল্পের জন্য কমিশন গঠনের গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকার এই ইকো-সিস্টেমে কোনো নিজস্ব অ্যাজেন্ডা বাস্তবায়ন বা কর্তৃত্ব করতে চায় না, বরং একজন ‘ফেসিলিটেটর’ বা সহায়কের ভূমিকায় থাকতে চায়।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, বর্তমানে পত্রিকার সার্কুলেশন বা টেলিভিশনের দর্শক সংখ্যার ক্ষেত্রে কোনো সঠিক পরিসংখ্যান হাতে নেই বিধায় সরকার যৌথ স্টাডি ও ডিজিটাল ডাটা কালেকশনের মাধ্যমে একটি নতুন রোডম্যাপ বা নীতিমালা তৈরির লক্ষ্যে তিন ধাপে কাজ করছে, যা বিজ্ঞাপনের হার নির্ধারণ ও রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনবে। ডিজিটাল বিশ্বের ঝুঁকি ও ব্যক্তিগত গোপনীয়তা হুমকির বিষয়টি তুলে ধরে তিনি সংশ্লিষ্টদের জ্ঞানভিত্তিক বিনিয়োগের আহ্বান জানান।
কোয়াব সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু এবং উপস্থিত ছিলেন কোয়াব সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল ও এক্সপো’র আহ্বায়ক নিজাম উদ্দিন মাসুদসহ ব্রডকাস্ট ইন্ডাস্ট্রির ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ।
এ রহমান
মন্তব্য করুন: