হবিগঞ্জে সুতাং নদীর পানি বিপৎসীমার ওপরে
Led Bottom Ad

অন্য পাঁচ নদীতে হ্রাস

হবিগঞ্জে সুতাং নদীর পানি বিপৎসীমার ওপরে

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৭/০৫/২০২৬ ০১:০৫:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের সুতাং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে স্বস্তির খবর হলো, জেলার অন্য পাঁচটি প্রধান নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তা ক্রমশ হ্রাস পাচ্ছে।

বুধবার (৬ মে) সন্ধ্যায় হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান স্বাক্ষরিত দৈনিক পানি সমতলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলার শায়েস্তাগঞ্জ ও লাখাই পয়েন্টে সুতাং নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, জেলার বাকি পাঁচটি নদী—খোয়াই, কুশিয়ারা, কালনী, মেঘনা ও ধলেশ্বরীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তা বিপৎসীমার ৪০ থেকে ৪৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ জেলায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। ফলে অধিকাংশ নদীর পানি কমতে শুরু করেছে। তবে তিনি সতর্ক করে বলেন, "আপাতত পরিস্থিতি স্বাভাবিকের দিকে থাকলেও উজানে অর্থাৎ ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলে নদ-নদীর পানি আবারও দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।"

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক নদীগুলোর পানি সমতল পর্যবেক্ষণ করছে এবং যেকোনো জরুরি পরিস্থিতির জন্য তাদের প্রস্তুতি রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad