বিএনপি ২ মাসেই প্রতিশ্রুতি পূরণ করছে: হুইপ জি কে গউছ
জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় বিএনপি নেতা জি কে গউছ বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগ দেশের মানুষকে উন্নয়নের নামে কেবল ধোঁকা দিয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর মাত্র দুই মাসেই সেই চিত্র বদলে দিয়েছে। আওয়ামী লীগ যা ৫ বছরে করতে পারেনি, বিএনপি সরকার তা মাত্র ৬০ দিনে বাস্তবায়ন করে দেখিয়েছে।
বুধবার (৬ মে) বিকেলে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এক বিশাল আনন্দ র্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। র্যালিটি শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জি কে গউছ তাঁর বক্তব্যে বর্তমান সরকারের সাফল্যের চিত্র তুলে ধরে বলেন, “ভোটের কালি আঙুল থেকে মোছার আগেই আমরা নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন শুরু করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা ইতোমধ্যেই কার্যকর হয়েছে। এছাড়া দেশের মায়েদের ক্ষমতায়নের জন্য ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার যে ওয়াদা বিএনপি করেছিল, তার কার্যক্রমও জেলায় জেলায় শুরু হয়েছে। হবিগঞ্জেও আগামী মাস থেকে মায়েদের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।”
তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা নিজেরা দুর্নীতি করব না এবং অন্যকেও করতে দেব না—দেশের মানুষের কাছে এটিই হোক আমাদের মূল অঙ্গীকার। জনসেবার মাধ্যমেই আমাদের জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে হবে।”
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাজী নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, জেলা শ্রমিক দলের সভাপতি ইসলাম তরফদার তনু, সাধারণ সম্পাদক এস এম বজলুর রহমান এবং পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
র্যালিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি শহরজুড়ে ব্যাপক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। বক্তারা আগামী দিনগুলোতে দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: