খোলা আকাশের নিচে মানবেতর জীবন
বিশ্বম্ভরপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৬ পরিবার
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে ঘটা এই দুর্ঘটনায় পরিবারগুলোর নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মজুতকৃত ধান ও প্রয়োজনীয় দলিলসহ মূল্যবান সব আসবাবপত্র হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্তরা। বর্তমানে পরনের কাপড় ছাড়া আর কিছু অবশিষ্ট না থাকায় খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন তারা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন—একই পরিবারের পাঁচ ভাই রমেন্দ্র তালুকদার (৭০), রাকেশ তালুকদার (৬৮), রনজিত তালুকদার (৬৫), রতিন্দ্র তালুকদার (৬০), রতিশ তালুকদার (৪৮) এবং একই গ্রামের কৃপেশ তালুকদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় একটি ঘরের পল্লী বিদ্যুতের মিটার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পার্শ্ববর্তী কয়েক গ্রামের বাসিন্দারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ৬টি ঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনের তীব্রতায় শিক্ষার্থীদের বই-খাতাও রক্ষা করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী পরিবারগুলো জানায়, আকস্মিক এই অগ্নিকাণ্ডে তারা আক্ষরিক অর্থেই নিঃস্ব হয়ে গেছেন। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তারা এখন নিরুপায়।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ ও দ্রুত সহায়তা প্রদান করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: