ইনুকে ‘টেনশন না করতে’ বলা সেই দুই কনস্টেবল প্রত্যাহার
Led Bottom Ad

বিভাগীয় ব্যবস্থার নির্দেশ

ইনুকে ‘টেনশন না করতে’ বলা সেই দুই কনস্টেবল প্রত্যাহার

প্রথম ডেস্ক

৩০/০৪/২০২৬ ১০:৫৭:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ‘টেনশন না করতে’ বলে আশ্বস্ত করা দুই পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ।

বুধবার (২৯ এপ্রিল) ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এই ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা-নেওয়ার পথে ওই দুই কনস্টেবল তাঁর সাথে শৃঙ্খলাবহির্ভূত আলাপ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ সদস্যরা ইনুকে বলছেন, “টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার।” ট্রাইব্যুনাল মনে করছে, এই আচরণ বিচারিক কার্যক্রমের নিরাপত্তা ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে।

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে ট্রাইব্যুনাল-২-এ ইনুর বিচার চলছে। বুধবার ষষ্ঠ দিনের মতো তাঁর পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত দুই কনস্টেবলের বিরুদ্ধে তদন্তপূর্বক গৃহীত ব্যবস্থা সম্পর্কে ট্রাইব্যুনালকে অবহিত করার জন্য ডিএমপিকে নির্দেশ দেওয়া হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad