শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা
সারাদেশে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে একযোগে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) ১ম পত্র, মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আন্তঃশিক্ষা বোর্ডের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এই বড় আসরে অংশ নিচ্ছে, যার মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
এবারের পরীক্ষার বিশেষ বৈশিষ্ট্য হলো নিচ্ছিদ্র নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তিগত তদারকি। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে এবারই প্রথম প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং প্রশ্নপত্র পরিবহনে যুক্ত করা হয়েছে ‘ডিজিটাল ট্র্যাকিং’ ব্যবস্থা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কেন্দ্র সচিবদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যার মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা সর্বাধিক ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন। অন্যান্য বোর্ডের মধ্যে দিনাজপুরে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন, রাজশাহীতে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন এবং সিলেটে ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছে। সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করছে।
গতকাল এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সরকার একটি ইতিবাচক ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বদ্ধপরিকর। তিনি স্পষ্ট করেন যে, গৃহীত কড়াকড়ি পদক্ষেপগুলো শিক্ষার্থীদের ভীতি প্রদর্শনের জন্য নয়, বরং শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা নিশ্চিত করার জন্য। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে সুপেয় পানি ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত।
এ রহমান
মন্তব্য করুন: