‘সনাক’–এর উদ্বেগ
সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও বিলম্ব
সুনামগঞ্জ জেলায় এ বছর ১৪৫ কোটি টাকা ব্যয়ে ৬০২ কিলোমিটার বোরো ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজে চরম বিলম্ব এবং অনিয়মের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত এই সংগঠনটি আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাঁধ নির্মাণে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলায় ৭১০টি প্রকল্পের বিপরীতে কাবিটা নীতিমালা অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও, বৃষ্টি শুরু হওয়ার পর এখনও অনেক হাওরে কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। সনাক নেতৃবৃন্দ মনে করেন, মাঠ পর্যায়ে তদারকির অভাব এবং সঠিক সময়ে পিআইসি গঠন না করার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার হাওর ও নদী রক্ষা আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনিয়ম ও গাফিলতির যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো দ্রুত খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। সুনামগঞ্জের কৃষকদের একমাত্র সম্বল বোরো ফসলের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃষ্টির সময় কাজ করায় বাঁধ দুর্বল হয়ে পড়ছে, যা উজানের পাহাড়ি ঢল মোকাবিলায় অক্ষম। কৃষকের কান্না রোধে এবং বাঁধের কাজে স্বচ্ছতা ফেরাতে এখনই কার্যকর পদক্ষেপ জরুরি বলে মনে করছে সংগঠনটি।
এ রহমান
মন্তব্য করুন: