বিশ্বম্ভরপুরে অবহেলায় ধুঁকছে ৭৮ বছরের প্রাচীন মসজিদ
Led Bottom Ad

বিশ্বম্ভরপুরে অবহেলায় ধুঁকছে ৭৮ বছরের প্রাচীন মসজিদ

নিজস্ব প্রতিনিধি, বিশ্বম্ভরপুর

১৬/০৪/২০২৬ ২০:২২:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরপারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নান্দনিক স্থাপত্যশৈলীর প্রাচীন নিদর্শন ‘মুক্তিখলা-মল্লিকপুর শাহী জামে মসজিদ’। এলাকাবাসীর মতে মসজিদটি শতবর্ষী হলেও এর দেয়ালে খোদাই করা তথ্য অনুযায়ী এর বয়স বর্তমানে ৭৮ বছর (নির্মাণকাল: ১৩৫৬ বাংলা)। ভূমি থেকে প্রায় ১০ ফুট উঁচু বেদীতে নির্মিত এই মসজিদে রয়েছে বড় আকারের তিনটি গম্বুজ এবং চার কোণায় চারটি সুউচ্চ মিনার।

স্থানীয়রা জানান, তৎকালীন সময়ে প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা ব্যয়ে পুরান ঢাকার দক্ষ কারিগর দিয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। তবে দীর্ঘদিনের অযত্ন, অবহেলা এবং ভূমিকম্পের প্রভাবে বর্তমানে স্থাপনাটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে; ফলে এটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

মসজিদের ইমাম মাওলানা আবুল কাসেম জানান, জরাজীর্ণ অবস্থার কারণে বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে এবং বর্ষায় হাওরের পানি বেড়ে গেলে মসজিদের ভেতরেও ঢুকে পড়ে। স্থানীয় প্রবীণ বাসিন্দা ও মসজিদ কমিটি জানায়, অর্থাভাবে সংস্কার করা সম্ভব না হওয়ায় দৃষ্টিনন্দন এই স্থাপত্যটি তার শ্রী হারাচ্ছে, যার ফলে এখন আর পর্যটকদের দেখা মেলে না। ঐতিহ্যের স্মারক হিসেবে এই শাহী মসজিদটিকে টিকিয়ে রাখতে এবং মুসল্লিদের জীবনের ঝুঁকি কমাতে এটি সরকারিভাবে মেরামত ও সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মতিন খান বলেন, প্রাচীন এই মসজিদটির বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad