স্পিকার হাফিজ উদ্দিন
‘টিপাইমুখ বাঁধ নিয়ে নিজেদের সর্বনাশ আমরাই ডেকে এনেছিলাম’
বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই বাংলাদেশের তৎকালীন নেতৃত্ব টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়ে ‘সর্বনাশ ডেকে এনেছিল’ বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বুধবার জাতীয় সংসদে সিলেট-৩ আসনের বিএনপি দলীয় সদস্য আব্দুল মালিকের এক সম্পূরক প্রশ্নের প্রেক্ষিতে নিজের অভিজ্ঞতার আলোকে তিনি এই মন্তব্য করেন। সংসদ সদস্য আব্দুল মালিক সিলেটের বন্যা ও খরা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে টিপাইমুখ বাঁধ বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল্লাহ আল মিন্টু বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার আশ্বাস দেন।
এরপরই ফ্লোর নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়কার অভিজ্ঞতায় তিনি জানেন যে, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধেই ভারত টিপাইমুখ বাঁধ প্রকল্পটি পুনরায় সচল করেছিল।
তিনি আক্ষেপ করে বলেন, আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম। ভারত বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান পানির উৎস বরাক নদীর উজানে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই বাঁধ নির্মাণের উদ্যোগ নিলে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের পরিবেশবাদী ও বিভিন্ন মহল থেকে এর বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছিল। বরাক নদী বাংলাদেশে প্রবেশ করে সুরমা ও কুশিয়ারা নামে প্রবাহিত হওয়ায় এই প্রকল্প বাস্তবায়িত হলে সিলেটসহ বিস্তীর্ণ অঞ্চল মরণফাঁদে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও দিল্লির পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছিল যে এতে পানি প্রত্যাহার করা হবে না।
মন্ত্রীর উত্তরের পর স্পিকারের এই ঐতিহাসিক তথ্যের অবতারণা সংসদ অধিবেশনে নতুন আলোচনার মাত্রা যোগ করেছে।
এ রহমান
মন্তব্য করুন: