চুনারুঘাটে লোকালয় থেকে বিরল লজ্জাবতী বানর উদ্ধার
Led Bottom Ad

চুনারুঘাটে লোকালয় থেকে বিরল লজ্জাবতী বানর উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,চুনারুঘাট

১৩/০৪/২০২৬ ২১:৩৭:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিম দেওরগাছ গ্রামের শিক্ষক শাহেদ মিয়ার বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বানরটিকে সাতছড়ি সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে বলে বন বিভাগ সূত্রে জানানো হয়েছে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে পাশের বনাঞ্চল থেকে বানরটি শিক্ষক শাহেদ মিয়ার সামাজিক বনায়ন এলাকায় ঢুকে পড়ে। বিষয়টি টের পেয়ে তিনি প্রাণীটিকে নিরাপদে আটকে রাখেন এবং তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেন। সোমবার দুপুরে সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান ঘটনাস্থলে পৌঁছে বানরটি উদ্ধার করেন। তিনি জানান, উদ্ধার হওয়া প্রাপ্তবয়স্ক পুরুষ লজ্জাবতী বানরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং এর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সোমবার বিকেলেই এটিকে সাতছড়ি সংরক্ষিত বনের গহীন অরণ্যে অবমুক্ত করার কথা রয়েছে।

বন্য প্রাণী সংরক্ষণ সোসাইটি (ডব্লিউসিএস)-এর সমন্বয়কারী সামিউল মোহসেনিন জানান, লজ্জাবতী বানর (Nycticebus bengalensis) লরিসিডি পরিবারের একটি ছোট আকারের নিশাচর প্রাণী। এরা সাধারণত দিনে গাছের ডালে উল্টো হয়ে ঝুলে ঘুমায় এবং রাতে খাদ্যের সন্ধানে বের হয়। কচি পাতা, পোকামাকড় ও পাখির ডিম এদের প্রধান খাদ্য। তবে আবাসস্থল ধ্বংস ও অবৈধ পাচারের কারণে এই প্রজাতিটি বর্তমানে চরম অস্তিত্ব সংকটে রয়েছে। তিনি বন্যপ্রাণী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও সংরক্ষিত বনভূমি সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সাতছড়ি বন বিভাগের কর্মকর্তারা জানান, বনাঞ্চলে মানুষের অবাধ বিচরণ ও পর্যটকদের হৈচৈ লজ্জাবতী বানরের স্বাভাবিক জীবনযাত্রা ও প্রজননে ব্যাঘাত ঘটাচ্ছে। এর ফলে নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা প্রায়ই লোকালয়ে চলে আসছে। বনের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের নির্ধারিত ট্রেইলের বাইরে চলাচল না করার জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad