নবীগঞ্জে সিয়াম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিয়াম আহমদের প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মামলায় রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলকভাবে জড়ানো বিএনপি নেতা মাসুক মিয়াসহ নিরপরাধ ব্যক্তিদের অব্যাহতির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় নবীগঞ্জ শহর এলাকায় 'গ্রামবাসী ও সচেতন নাগরিক সমাজ'-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আলমগীর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান অলি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমীন, সমবায় দলের আহ্বায়ক সাহেল আহমেদ, সোহেলুজ্জামান লিপটন, বিএনপি নেতা আঃ মতিন, আছাব আলী ও রফিক মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, সিয়াম হত্যাকাণ্ডের বিচার আমরাও চাই, কিন্তু এই ঘটনাকে পুঁজি করে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মাসুক মিয়া, যুবদল নেতা ইসলাম উদ্দীন ও ব্যবসায়ী স্বপন আহমদের মতো নিরপরাধ ব্যক্তিদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। তাঁরা অবিলম্বে এসব নিরপরাধ ব্যক্তিকে মামলা থেকে অব্যাহতির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে সুদের টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ চড়া মিয়া, তাঁর স্ত্রী নাজমা বেগমসহ পরিবারের সদস্যদের হামলায় সিয়াম আহমদ নিহত হন। এই ঘটনায় স্থানীয় একটি প্রভাবশালী মহলের ইন্ধনে প্রকৃত অপরাধীদের পাশাপাশি ৩৩ জন নিরপরাধ ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রতিবাদে সোমবার গ্রামবাসী রাজপথে নেমে এই বিশাল মানববন্ধন পালন করেন। প্রশাসনকে প্রকৃত দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন যে, নিরপরাধ কাউকে হয়রানি করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: